জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।

তিনি বলেন, “মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। সে বিষয়ে প্রস্তুতি চলছে।” তবে প্রধানমন্ত্রী ঠিক কবে রওনা দেবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু হতে পারে। সফরটি চার দিনের হওয়ার কথা রয়েছে।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়।

দ্বিপক্ষীয় আলোচনার সময় জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে এ আমন্ত্রণ পৌঁছে দেন। পরে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়।

একই বৈঠকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।

জাপানের আমন্ত্রণের জবাবে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।